নিজ সংবাদ:
দেশকে সশস্ত্র সংগ্রামের দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। তবে এ সময় তিনি বিচারককে উদ্দেশ্য করে বলেন, “আমি আদালতে আসবো, হাজিরা দেবো। আমাদের আসতে ভালো লাগে, অভ্যাস হয়ে গেছে।”
বুধবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৪ জুলাই দিন ধার্য করা হয়েছে।
শুনানিকালে লতিফ সিদ্দিকী আদালতে উপস্থিত ছিলেন। এ সময় তিনি বিচার ব্যবস্থার ধীরগতির সমালোচনা করে বলেন, ছয় মাস আগে হাজিরা মওকুফের আবেদন করা হলেও আজ আদেশ দেওয়া হলো। জবাবে বিচারক বলেন, “এটা আপনার ইচ্ছা। আবেদন মঞ্জুর করা হয়েছে।” লতিফ সিদ্দিকীর আইনজীবী গোলাম রাব্বানী জানান, ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন করা হয়েছিল। আবেদনে বলা হয়, তিনি বয়স্ক ও অসুস্থ হওয়ায় নিয়মিত আদালতে উপস্থিত হতে সমস্যায় পড়ছেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলার ঘটনায় শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। এ মামলায় লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে আসামি করা হয়েছে।