অভিনয়ে পারদর্শী মাফিয়া নেত্রী শেখ হাসিনাকে মানুষ ‘থু ‍থু’ দেবে: স্পিকার

নিজ সংবাদ:
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্বৈরাচারবিরোধী আন্দোলনের ইতিহাস তুলে ধরবে। তিনি মন্তব্য করেন, এই জাদুঘরে এসে মানুষ অভিনয়ে পারদর্শী মাফিয়া নেত্রী শেখ হাসিনা ও তার দলকে ‘থু ‍থু’ দেবে। গতকাল মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের নানা তথ্য ও প্রমাণ জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। তার ভাষায়, “এই জাদুঘর প্রমাণ করবে বাংলাদেশের মানুষ কোনো স্বৈরাচারকে মেনে নেয় না। গণতন্ত্রের জন্য এ দেশের মানুষ জীবন দিতেও প্রস্তুত।” তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র, অধিকার ও স্বাধীনতার প্রশ্নে অনুপ্রাণিত করবে। একই সঙ্গে এটি জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সম্পদ হয়ে থাকবে। পরিদর্শনকালে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, “ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের প্রতিচ্ছবি হবে এই জুলাই জাদুঘর।”

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় জানান, আগামী জুলাইয়ের শেষ সপ্তাহ অথবা আগস্টের শুরুতে জাদুঘরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হতে পারে। এ সময় জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান স্পিকার।