খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

জাতিসংঘে বাংলাদেশের নতুন সাফল্য

বুধবার, জুন ৩, ২০২৬

নিজ সংবাদ:

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

বুধবার (৩ জুন) এক শুভেচ্ছা বার্তায় মার্কিন রাষ্ট্রদূত বলেন, “জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন।” ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

গতকাল নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ১৯৩টি সদস্য রাষ্ট্রের ভোটের মধ্যে ৯৯টি ভোট পেয়ে বিজয়ী হন বাংলাদেশের প্রার্থী ড. খলিলুর রহমান। তাঁর প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী ৯১টি ভোট লাভ করেন।

নির্বাচনে জয়ী হওয়ার মাধ্যমে আগামী এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক কূটনৈতিক ফোরামগুলোর একটির নেতৃত্বে বাংলাদেশের একজন প্রতিনিধি নির্বাচিত হওয়াকে দেশের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে দেখা হচ্ছে।

এই নির্বাচনের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে আসীন হচ্ছে বাংলাদেশ। এর আগে ১৯৮৬ সালে ৪১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব ও বিশিষ্ট রাজনীতিবিদ হুমায়ূন রশীদ চৌধুরী।

কূটনৈতিক মহলের মতে, খলিলুর রহমানের এই বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করবে এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে দেশের ভূমিকা জোরালো করতে সহায়ক হবে।