জাপানে অনুমোদনহীন মসজিদ নির্মাণ নিয়ে বিতর্ক

উদ্বোধনে ছিলেন পাকিস্তানি রাষ্ট্রদূত

বুধবার, জুন ৩, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

জাপানের সাইতামা প্রিফেকচারের কাওয়াগোয়ে শহরে স্থানীয় নগর উন্নয়ন আইন লঙ্ঘন করে অনুমতি ছাড়া একটি মসজিদ নির্মাণের অভিযোগ ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। জাপানি প্রশাসন ভবনটিকে ‘অবৈধ’ ঘোষণা করার পর এ নিয়ে আন্তর্জাতিক মহলেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কারণ চলতি বছরের ৩ এপ্রিল অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত আবদুল হামিদ।

জাপানের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য আসাহি শিম্বুন-এর প্রতিবেদনে বলা হয়, প্রায় ৪ হাজার ৫০০ বর্গমিটার পাহাড়ি বনভূমির ওপর মসজিদটি নির্মাণ করা হয়েছে। এলাকাটি নগর উন্নয়ন নিয়ন্ত্রণ অঞ্চলের আওতাভুক্ত হওয়ায় সরকারি অনুমতি ছাড়া সেখানে কোনো স্থায়ী বা অস্থায়ী স্থাপনা নির্মাণের সুযোগ নেই।

কাওয়াগোয়ে সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, নগর পরিকল্পনা আইন অনুসরণ না করেই ভবনটি নির্মাণ করা হয়েছে এবং এ বিষয়ে কোনো বৈধ অনুমোদন নেওয়া হয়নি।

pakistan

বিতর্কের পর পাকিস্তান দূতাবাস এক বিবৃতিতে জানায়, উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজকেরা রাষ্ট্রদূতকে জানিয়েছিলেন যে প্রকল্পটির জন্য প্রয়োজনীয় সব সরকারি অনুমতি নেওয়া হয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই তিনি অনুষ্ঠানে অংশ নেন। দূতাবাস আরও স্পষ্ট করে বলেছে, এই প্রকল্পের সঙ্গে পাকিস্তান সরকারের কোনো আর্থিক বা সাংগঠনিক সম্পৃক্ততা নেই।

এদিকে জাপানের প্রাচীনতম ইয়াশিও মসজিদ কমিটির প্রতিনিধি শাকিল শেখ মোহাম্মদ এ ধরনের উদ্যোগের সমালোচনা করে বলেছেন, স্থানীয় আইন মেনে এবং স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই ধর্মীয় উপাসনালয় পরিচালনা করা উচিত।

ঘটনার পর পাকিস্তান দূতাবাস জাপানে বসবাসরত নাগরিকদের স্থানীয় আইন মেনে চলা এবং ধর্মীয় স্থাপনা নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।