হাদি হত্যা নিয়ে বিস্ফোরক অভিযোগ

ওমর বিন হাদির ফেসবুক পোস্ট

বুধবার, জুন ৩, ২০২৬

নিজ সংবাদ:

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ড নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তাঁর বড় ভাই শরীফ ওমর বিন হাদি। মঙ্গলবার (২ জুন) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একাধিক পোস্টে তিনি দেশের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও রাজনৈতিক সংশ্লিষ্টদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করেন।

এক পোস্টে ওমর বিন হাদি দাবি করেন, হাদি হত্যার সঙ্গে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিএনপির কয়েকজন এমপি-মন্ত্রী সরাসরি জড়িত। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার আহ্বান জানান। একই পোস্টে তিনি হাদি হত্যার বিচারকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

অন্য একটি পোস্টে তিনি অভিযোগ করেন, হাদি হত্যার প্রেক্ষাপট তৈরিতে জামায়াতের আমিরের এক ব্যক্তিগত সহকারী (পিএস) ভূমিকা রেখেছেন। তাঁর দাবি, হাদিকে ঢাকা-৮ এলাকার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করা হয়েছিল।

তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং অভিযুক্ত ব্যক্তিদের পক্ষ থেকেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টগুলো ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, ফেসবুক অ্যাকাউন্টটি আদৌ ওমর বিন হাদির নিয়ন্ত্রণে রয়েছে কি না। পাশাপাশি যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে চুক্তিভিত্তিক দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালনরত একজন সরকারি কর্মকর্তা এ ধরনের রাজনৈতিক ও বিতর্কিত মন্তব্য প্রকাশ করতে পারেন কি না, তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, বিষয়টি এখন শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনাতেই সীমাবদ্ধ নয়; অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং সরকারি কর্মচারী আচরণবিধির বিষয়টিও সামনে এসেছে।