নিজ সংবাদ:
ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। বুধবার (৩ জুন) ভোর ৩টা ৪৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এ প্রবীণ রাজনীতিবিদ। মৃত্যুর পর সকালে তাঁর মরদেহ হাসপাতাল থেকে বাড্ডার বেরাইদ এলাকায় নিজ বাসভবনে নেওয়া হয়। তাঁর ভাগ্নে ফারুক হোসাইন জানান, বুধবার বিকেল ৪টায় বেরাইদ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
রাজনৈতিক জীবনে এ কে এম রহমতুল্লাহ ছিলেন আওয়ামী লীগের একজন অভিজ্ঞ ও প্রভাবশালী নেতা। তিনি আমৃত্যু দলটির উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মোট পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালে তৎকালীন ঢাকা-৫ আসন থেকে প্রথমবার সংসদে নির্বাচিত হন। পরে ১৯৯৬ সালে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য হন। ২০০৮ সালে ঢাকা-১০ আসন এবং ২০১৪ ও ২০১৮ সালে ঢাকা-১১ আসন থেকে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন।
বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, সাংগঠনিক দক্ষতা এবং মুক্তিযুদ্ধের অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
