নিজ সংবাদ:
জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি সাইপ্রাসের প্রার্থী রাষ্ট্রদূত আন্দ্রেয়াস এস কাকৌরিসকে পরাজিত করে এ পদে জয়লাভ করেন।
নির্বাচনে মোট ১৯০টি ভোটের মধ্যে ড. খলিলুর রহমান পেয়েছেন ৯৯টি ভোট, আর তাঁর প্রতিদ্বন্দ্বী আন্দ্রেয়াস এস কাকৌরিস পেয়েছেন ৯১টি ভোট। এ বিজয়ের মাধ্যমে আগামী সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের নেতৃত্ব দেবে বাংলাদেশ।
জাতিসংঘের প্রতিষ্ঠিত আঞ্চলিক আবর্তন পদ্ধতি অনুযায়ী, এশিয়া-প্যাসিফিক গ্রুপের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন ড. খলিলুর রহমান। অপরদিকে সাইপ্রাসের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন বহুপাক্ষিকতা-বিষয়ক বিশেষ দূত আন্দ্রেয়াস কাকৌরিস।
এই জয়ের ফলে ড. খলিলুর রহমান এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমান সভাপতি ও জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, জাতিসংঘের অন্যতম গুরুত্বপূর্ণ এই পদে বাংলাদেশের প্রতিনিধির নির্বাচিত হওয়া আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা ও গ্রহণযোগ্যতা আরও বাড়াবে। একই সঙ্গে বৈশ্বিক শান্তি, উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও বহুপাক্ষিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের ভূমিকা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
