নিজ সংবাদ:
পল্লবীর শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার বিচারকাজ দ্রুত শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে বিচারাধীন বিষয়ে মন্তব্য করা সমীচীন নয় উল্লেখ করে তিনি বলেন, মামলার রায় ও বিচার প্রক্রিয়া সম্পূর্ণভাবে আদালতের এখতিয়ারভুক্ত।
মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মামলায় সাক্ষ্যগ্রহণ কার্যক্রম দ্রুত এগোচ্ছে। সরকারের দায়িত্ব হলো তদন্তকারী কর্মকর্তা ও সাক্ষীদের আদালতে উপস্থিত করা এবং বিচার প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা। তিনি আশা প্রকাশ করেন, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে অল্প সময়ের মধ্যেই মামলার বিচার শেষ হবে।
মুন্সীগঞ্জে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় চার আসামিকে দ্রুত গ্রেপ্তার করার বিষয়টিও তুলে ধরেন তিনি। প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক ছিল বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি রাজধানীর যানজট নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার ইতোমধ্যে ইতিবাচক ফল দিচ্ছে বলে দাবি করেন।
সীমান্ত হত্যা, কথিত ‘পুশ-ইন’, মাদক ও অনলাইন জুয়া দমন প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, অবৈধভাবে কাউকে সীমান্তে ঠেলে দেওয়ার ঘটনা বাংলাদেশ মেনে নেবে না। একই সঙ্গে অনলাইন জুয়া, মাদক ও অর্থপাচার রোধে আধুনিক ও সময়োপযোগী নতুন আইন প্রণয়নের কাজ চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সন্ত্রাস, অপরাধ ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত থাকবে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
