নিজ সংবাদ:
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র প্রদর্শনী বন্ধের প্রতিবাদে দেওয়া সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। তার বক্তব্যকে ইসলাম ধর্মের অবমাননাকর ও উসকানিমূলক আখ্যা দিয়ে মঙ্গলবার (২ জুন) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
‘সচেতন ইসলামপ্রিয় জনতা’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে জেলা হেফাজতে ইসলাম, স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির যুববিষয়ক সম্পাদক জুনায়েদ কাসেমী, ছাত্রবিষয়ক সম্পাদক এরশাদ উল্লাহ কাসেমী এবং সরাইল উপজেলা হেফাজতের সহসভাপতি হাজী মহিবুল ইসলাম।
বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্র প্রদর্শনী বন্ধের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে রুমিন ফারহানা ইসলাম, আজান ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।
এর আগে সোমবার সরাইলের শাহবাজপুরে ‘ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের জনগণ’ ব্যানারে আয়োজিত কর্মসূচিতে রুমিন ফারহানা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা, সিনেমা প্রদর্শনী বন্ধ এবং ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক পরিসর সংকুচিত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সংস্কৃতি ও শিল্পচর্চার পথ রুদ্ধ হলে সমাজ পিছিয়ে পড়বে এবং নতুন প্রজন্মের বিকাশ বাধাগ্রস্ত হবে।
উল্লেখ্য, গত শনিবার ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির উদ্যোগে ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনীর আয়োজন করা হলেও বিভিন্ন মহলের আপত্তি ও প্রশাসনিক হস্তক্ষেপের কারণে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয়নি। বিষয়টি নিয়ে জেলায় সাংস্কৃতিক ও ধর্মীয় অঙ্গনে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।
