ক্রীড়া প্রতিবেদক \ ২০২৬ ফিফা বিশ্বকাপের ক্ষণগণনা চলছে। আজ টুর্নামেন্ট শুরু হতে বাকি ২৯ দিন। আর এই ‘২৯’ সংখ্যাটি ফরাসি ফুটবলের এক অনন্য আধিপত্যের কথা মনে করিয়ে দিচ্ছে। গত পাঁচটি বিশ্বকাপে নকআউট পর্বে ২৯টি গোল করেছে ফ্রান্স, যা বিশ্বমঞ্চে যেকোনো দলের চেয়ে সর্বোচ্চ। ফিফার পরিসংখ্যান অনুযায়ী, ২৯ গোল নিয়ে তালিকার শীর্ষে থাকা ফ্রান্সের পরেই রয়েছে জার্মানি (২৮ গোল), আর্জেন্টিনা (২১ গোল) এবং ব্রাজিল (২০ গোল)। মূলত এই বিধ্বংসী ফর্মই ফরাসিদের ২০১৮ সালে শিরোপা জিততে এবং ২০০৬ ও ২০২২ সালে রানার্সআপ হতে বড় ভূমিকা রেখেছে। রাশিয়া (২০১৮) এবং কাতার (২০২২) বিশ্বকাপে নকআউট পর্বে ফ্রান্সের প্রতি ম্যাচে গড়ে গোল সংখ্যা ২.৬৩। মজার ব্যাপার হলো, এই দুই আসরে গ্রুপ পর্বে তাদের গোলের গড় ছিল মাত্র ১.৫। অর্থাৎ ম্যাচ যত কঠিন হয়েছে, ফরাসি আক্রমণভাগ তত বেশি ভয়ংকর হয়ে উঠেছিল। ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে নকআউট পর্বের মাত্র ৮ ম্যাচে করেছেন ৮ গোল। এর মাধ্যমে তিনি ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিও এবং লিওনিদাসের সাথে বিশ্বকাপের নকআউট পর্বে ইতিহাসের যৌথ সর্বোচ্চ গোলদাতার তালিকায় জায়গা করে নিয়েছেন।