ডিসেম্বরে পরীক্ষায় বসতে নারাজ শিক্ষার্থীরা, জানুয়ারি-এপ্রিলের প্রস্তাব

এসএসসি-এইচএসসি

 

ঢাকা অফিস \ ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। এ নিয়ে আলোচনা করতে বিশেষজ্ঞ ও অংশীজনদের সঙ্গে বুধবার (১৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে না নেওয়ার পক্ষে মত দিয়েছে সব অংশীজন। বিশেষ করে ডিসেম্বরে এসএসসি পরীক্ষার তীব্র বিরোধিতা করেন পরীক্ষার্থীরা। শিক্ষক-অভিভাবকরাও একই মতামত দিয়েছেন। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিশেষজ্ঞরা ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে ও এইচএসসি পরীক্ষা এপ্রিলে নেওয়ার পক্ষে মত দিয়েছেন। ধীরে ধীরে এ দুটি পাবলিক পরীক্ষা ডিসেম্বরে আনা যেতে পারে বলে মত দেন তারা। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, সভায় দেশের বিভিন্ন জেলার অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা ভার্চুয়ালি যুক্ত হয়ে তাদের মতামত তুলে ধরেন। অধিকাংশ অভিভাবক ও শিক্ষক মনে করেন, হুট করে পরীক্ষার সময় চার মাস এগিয়ে আনা হলে শিক্ষার্থীদের ওপর তীব্র মানসিক চাপ তৈরি হবে। তারা প্রস্তাব করেন যে, এক বছরেই চার মাস না কমিয়ে বরং প্রতি বছর পর্যায়ক্রমে এক মাস করে সময় এগিয়ে আনলে শিক্ষার্থীরা পরিস্থিতির সঙ্গে সহজে মানিয়ে নিতে পারবেন। বৈঠকে অংশ নেওয়া মাউশির একজন কর্মকর্তা  জানান, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা একই বছরের জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে নেওয়ার পক্ষে মত পেয়েছেন। এদিকে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষার্থী-শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করছি। এসএসসি ও এইচএসসি পরীক্ষা কবে নিতে পারি এবং কীভাবে সময় অ্যাডজাস্ট করতে পারি, সিনক্রোনাইজ করতে পারি; তা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, আমরা কতদিনের মধ্যে আমাদের টার্গেট ফুলফিল করবো, ২০২৭ সালে ডিসেম্বরে পরীক্ষা নেবো নাকি ২০২৮ সালে গিয়ে অ্যাডজাস্ট করবো, তা নিয়েও মতামত পেয়েছি। আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম, তাতে যেন শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত না হয়, সেটাকে প্রাধান্য দিচ্ছি। সভায় বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, ৮ ফেব্রুয়ারি রোজা শুরু। যদি জানুয়ারির প্রথম সপ্তাহে পরীক্ষা শুরু করি আমরা রোজার আগে শেষ করতে পারবো। রাজধানীর বেগম বদরুন্নেসা কলেজের অধ্যক্ষ অধ্যাপক তামান্না বেগম বলেন, আমরা যদি এসএসসি পরীক্ষা আগে শুরু করি, তাহলে এইচএসসির সিলেবাস কমপ্লিট করতে পারবো। তবে পরীক্ষা মার্চ-এপ্রিলে নিলে ভালো হয়। এছাড়া ফরম ফিলাপের পরে একটা ভালো সময় থাকে প্রিপারেশন নেওয়ার জন্য। জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাবিনা ইয়াসমিন বলেন, সভায় এসএসসি ও এইচএসসি পরীক্ষা প্রতি বছর কোন সময়ে নেওয়া হতে পারে, সে বিষয়ে অংশীজনদের বক্তব্য শোনা হয়েছে। আগামী দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে।