কুষ্টিয়ায় ভ্যান রাখা নিয়ে সংঘর্ষ, যুবককে কুপিয়ে আহত

 

শফিকুর রহমান \ কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর দক্ষিণপাড়া এলাকায় বাড়ির পাশে ভ্যান রাখা নিয়ে বিরোধের জেরে জসিম নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (১৩ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন একই এলাকার রাজ্জাকের ছেলে সজীব (২২), বালুর সর্দার লিটন (৩০), শফিকুলের ছেলে সাব্বির (২২) ও আরাফাত (২৩)। স্থানীয়দের অভিযোগ, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তরা চাইনিজ কুড়াল দিয়ে জসিমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে তার বাম হাতের তিনটি রগ কেটে যায়। পরে এলাকাবাসী আহত জসিমকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলার খবর পাওয়া যায়নি।