নিজ সংবাদ:
নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মিসকান সরদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ ছয়জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিসকান ওই গ্রামের লোকমান সরদারের ছেলে।
আহত সারফিনা বেগম জানান, প্রতিপক্ষের লোকজন মিসকানসহ কয়েকজনকে কুপিয়ে আহত করেন। এ সময় সারফিনার মাথায় গুরুতর জখম হয় এবং তাকে ২৫টি সেলাই দিতে হয়েছে। মিসকানসহ আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে মিসকানের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার পর থেকে প্রতিপক্ষের লোকজন আত্মগোপনে থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নতুন করে সংঘাত এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনো কোনো মামলা হয়নি।
