আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে বৃহস্পতিবার রাতে চালানো বিমান হামলায় হামাসের খান ইউনিস ব্রিগেডের প্রধান কমান্ডার মুহাম্মদ আব্দুস সালাম আল-ইয়াজুরি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।
আইডিএফ ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের যৌথ বিবৃতিতে বলা হয়, নিহত কমান্ডারের নাম মুহাম্মদ আব্দুল সালাম আল-ইয়াজুরি। ইসরায়েলি বাহিনীর দাবি, তিনি তাদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের পাশাপাশি হামাসের সামরিক সক্ষমতা পুনর্গঠনে সক্রিয় ভূমিকা রাখছিলেন।
আইডিএফ জানায়, খান ইউনিসে একই বিমান হামলায় হুজাইফা মুআম্মার নামে এক কোম্পানি কমান্ডার এবং মুহাম্মদ বাহজাত রাদি নামে হামাসের আরও এক সদস্য নিহত হয়েছেন।
অন্যদিকে, হামাস ও ফিলিস্তিনি গণমাধ্যমও দক্ষিণ গাজায় রাতভর ইসরায়েলি বিমান হামলায় ইয়াজুরির নিহত হওয়ার খবর জানিয়েছে। হামাস সদস্যদের মৃত্যুর খবর প্রকাশকারী একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে তার জন্য ‘শহীদ পোস্টার’ও প্রকাশ করা হয়েছে। সেখানে তাকে খান ইউনিস ব্রিগেডের কমান্ডার হিসেবে উল্লেখ করা হয়।
ইয়াজুরি ‘আবু আল-হাইথাম’ নামেও পরিচিত ছিলেন বলে জানানো হয়েছে।
ইসরায়েলি বাহিনী ও হামাস—উভয় পক্ষের তথ্যেই ইয়াজুরির নিহত হওয়ার বিষয়টি উঠে এসেছে। তবে বিমান হামলার অন্যান্য ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাতের এই হামলার পর দক্ষিণ গাজায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
