নিজ সংবাদ:
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমতি ছাড়া মহাসড়কে স্লিপার বাস চলাচল করতে পারবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, বিআরটিএ যেসব বাসকে চলাচলের অনুমতি দিয়েছে, কেবল সেগুলোই সড়কে চলতে পারবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ সিদ্ধান্ত দেন।
আদালতে বিআরটিএর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. রাফিউল ইসলাম। তিনি বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮-এর ৪০ ধারায় যানবাহনের কারিগরি বৈশিষ্ট্য ও স্পেসিফিকেশন নির্ধারণ করা হয়েছে। এসব বিধান লঙ্ঘন করলে একই আইনের ৮০ ও ৮৪ ধারায় অপরাধ হিসেবে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট অপরাধে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।
আইনজীবী বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮-এর ২৮ ধারায় রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারবে না। বর্তমানে স্লিপার বাস পরিচালনার জন্য বিআরটিএর কোনো অনুমতি নেই।
এ কারণে বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস মহাসড়কে চলাচল করতে পারবে না বলে আদালত স্পষ্ট করেছেন।
আইনজীবী মো. রাফিউল ইসলাম আরও বলেন, হাইকোর্টও স্লিপার বাস চলাচলের জন্য আলাদাভাবে কোনো অনুমতি দেয়নি। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো স্লিপার বাস মহাসড়কে চলাচল করলে তা আইনি বিধানের আওতায় পড়বে।
