বিনোদন ডেস্ক:
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার ১১তম অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলামের আদালতে ডনের পক্ষে আইনজীবী তারিকুল ইসলাম জুয়েল জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি নাকচ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ফারুক দেওয়ান।
এর আগে গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয় এবং সেদিনই কারাগারে পাঠানো হয়। গত ১২ আগস্ট ঢাকার সিএমএম আদালতও তার জামিন আবেদন নাকচ করেছিলেন।
এদিকে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান ডনের সাত দিনের রিমান্ড চেয়েছেন। এ বিষয়ে শুনানি আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডনের উপস্থিতিতে হওয়ার কথা রয়েছে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের একটি ফ্ল্যাটে মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। প্রথমে তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী অপমৃত্যুর মামলা করেন। পরে ছেলেকে হত্যা করা হয়েছে দাবি করে মামলাটি হত্যা মামলায় রূপান্তরের আবেদন করেন তিনি।
তদন্তে ১৯৯৭ সালে সিআইডি সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে চূড়ান্ত প্রতিবেদন দেয়। পরে বিচার বিভাগীয় তদন্তেও হত্যার অভিযোগের প্রমাণ মেলেনি। এরপর র্যাব ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলাটি তদন্ত করে। ২০২০ সালে পিবিআইও জানায়, সালমান শাহকে হত্যার অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি এবং আত্মহত্যার দিকেই তদন্তের ফল ইঙ্গিত করে।
তবে এসব প্রতিবেদনে সন্তুষ্ট ছিলেন না সালমান শাহর মা নীলা চৌধুরী। তিনি বারবার অধিকতর তদন্তের দাবি জানান।
গত বছরের ২০ অক্টোবর নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম নতুন করে মামলা করেন। পরে আদালত রিভিশন আবেদন মঞ্জুর করে সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, পূর্বপরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে সালমান শাহকে হত্যা করা হয়েছে। বর্তমানে সেই অভিযোগের তদন্ত চলছে।
