নিলামে বিক্রি হওয়া স্থাবর সম্পত্তিতে ভ্যাট অবৈধ: হাইকোর্ট

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

অর্থঋণ আদালতের মাধ্যমে নিলামে বিক্রি হওয়া স্থাবর সম্পত্তির ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুব।

রিটের তথ্য অনুযায়ী, একটি ঋণগ্রহীতা প্রতিষ্ঠান ব্যাংকের কার্যকরী মূলধন ঋণ পরিশোধে ব্যর্থ হলে ব্যাংক অর্থঋণ আদালতে মামলা করে। পরে অর্থঋণ জারি মামলার প্রক্রিয়ায় অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর ৩৩(১) ধারার অধীনে বন্ধকি সম্পত্তি নিলামে তোলা হয়। নিলামে আবেদনকারীরা ২৪ কোটি টাকা সর্বোচ্চ দর দিয়ে সম্পত্তিটি কেনেন এবং অনুমোদনের পর পুরো অর্থ পরিশোধ করেন।

এরপর অর্থঋণ আদালত নিলামমূল্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট ও প্রয়োজনীয় স্ট্যাম্প ডিউটি জমা দেওয়ার নির্দেশ দেয়। এ নির্দেশ চ্যালেঞ্জ করে নিলাম ক্রেতারা হাইকোর্টে রিট করেন। গত ৮ এপ্রিল হাইকোর্টের একটি বেঞ্চ এ বিষয়ে রুল জারি করে ভ্যাট আদায়ের নির্দেশের কার্যকারিতা স্থগিত করেন।

পরবর্তীতে রুলের শুনানি শেষে গত ১ সেপ্টেম্বর বর্তমান বেঞ্চ রুল ও সম্পূরক রুল চূড়ান্ত ঘোষণা করেন। রায়ে বলা হয়, নিলাম ক্রেতাদের নিলামমূল্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট পরিশোধের নির্দেশ দেওয়ার ক্ষেত্রে অর্থঋণ আদালতের আদেশ আইনি কর্তৃত্ববহির্ভূত এবং এর কোনো আইনগত কার্যকারিতা নেই।

এ ছাড়া বিতর্কিত এসআরওতে স্থাবর সম্পত্তির ক্রেতাকে ‘পণ্যের নিলাম ক্রেতা’র সংজ্ঞার অন্তর্ভুক্ত করার অংশও অবৈধ ঘোষণা করা হয়েছে। ফলে বিচারিক নিলামে কেনা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে না।