নিজ সংবাদ:
যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসায় ভ্রমণকারীদের কিছু নির্দিষ্ট কার্যক্রম থেকে বিরত থাকার সতর্কতা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
দূতাবাস জানায়, বি১/বি২ ভিজিটর ভিসা মূলত অস্থায়ী ভ্রমণের জন্য ব্যবহার করা হয়। স্বল্পমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম, পর্যটন, অবকাশযাপন কিংবা চিকিৎসার মতো নির্দিষ্ট উদ্দেশ্যে এ ভিসা ব্যবহার করা যায়। তবে এই ভিসার আওতায় সব ধরনের কার্যক্রম পরিচালনার অনুমতি নেই।
সতর্কবার্তায় বি১/বি২ ভিসায় যেসব কার্যক্রম অনুমোদিত নয়, সেগুলো উল্লেখ করেছে মার্কিন দূতাবাস।
এর মধ্যে প্রথমেই রয়েছে ‘বার্থ ট্যুরিজম’। অর্থাৎ, ভবিষ্যৎ সন্তানের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে দেশটিতে গিয়ে সন্তান জন্ম দেওয়া এ ভিসার আওতায় অনুমোদিত নয়।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায়—এমন কাজ করাও নিষিদ্ধ। একইভাবে পারিশ্রমিকের বিনিময়ে কাজ করা যাবে না।
দূতাবাসের নির্দেশনায় আরও বলা হয়েছে, ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিট অর্জনের উদ্দেশ্যে বি১/বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে পড়াশোনা করাও অনুমোদিত নয়।
মার্কিন দূতাবাসের এই সতর্কবার্তার মাধ্যমে ভ্রমণকারীদের ভিসার অনুমোদিত ব্যবহার সম্পর্কে সচেতন থাকার এবং ভিসার শর্ত মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
