আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পালটাপালটি হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি এক ডলারের বেশি বেড়েছে। সোমবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ইরানের লারাক দ্বীপে হামলা চালানোর পর ইরান জর্ডানে থাকা মার্কিন সেনাদের একটি ঘাঁটিতে পালটা হামলা চালায়। এর পরপরই আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দেয়।
সোমবার বাংলাদেশ সময় ভোরের দিকে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ০৮ ডলার বা ১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ১৮ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৯২ সেন্ট বা ১ দশমিক ১০ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৩২ ডলারে পৌঁছায়।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় প্রবেশ করায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে এর প্রভাব আরও বাড়তে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘস্থায়ী হলে তেলের সরবরাহ ও পরিবহন নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে।
আইজি মার্কেটের বিশ্লেষক টনি সাইকামোর রয়টার্সকে বলেন, পরিস্থিতি আবারও উত্তেজনা বাড়ার পর্যায়ে প্রবেশ করেছে। এই উত্তেজনা কতদিন স্থায়ী হবে, তা এখনই নিশ্চিত করে বলা কঠিন। এটি কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
ফলে ভূরাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে আন্তর্জাতিক বাজারে তেলের দামে আরও অস্থিরতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন বাজার বিশ্লেষকেরা।
