মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়ার কথা ভাবতে বললো জর্ডানের মার্কিন দূতাবাস

রবিবার, আগ ২, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে জর্ডানে অবস্থিত মার্কিন দূতাবাস দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের অঞ্চলটি ত্যাগের বিষয়টি বিবেচনা করার আহ্বান জানিয়েছে। শনিবার (১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক নিরাপত্তা সতর্কবার্তায় এ আহ্বান জানানো হয়।

দূতাবাস জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ হওয়া ও ভ্রমণ বিঘ্নের মতো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন নাগরিকদেরও এ অঞ্চলে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, ইরান এবং দেশটির সমর্থিত গোষ্ঠীগুলো বিদেশে মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু করতে পারে। এ কারণে জর্ডানে অবস্থানরত মার্কিন নাগরিকদের দেশটির সামরিক ঘাঁটিতে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জর্ডান সরকারের নিরাপত্তা নির্দেশনা ও সরকারি সতর্কবার্তা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের বরাতে জানা গেছে, ওয়াশিংটন ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে শনিবার কুয়েত দাবি করেছে, তারা একটি সরকারি স্থাপনা ও বেসামরিক যানবাহন লক্ষ্য করে আসা ইরানি ড্রোন ভূপাতিত করেছে। একই দিনে ওমান উপকূলের হরমুজ প্রণালির কাছে একটি তেলবাহী ট্যাংকারও অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে উভয় ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।