সমঝোতার পর ট্রাম্পের হামলা স্থগিতের দাবি

হরমুজ প্রণালি ইস্যু

রবিবার, আগ ২, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:

হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে একটি সমঝোতা প্রস্তাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সম্মতি দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর পরিকল্পিত হামলা স্থগিত করেছেন বলে দাবি করেছে ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১২। দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে পরিস্থিতি সম্পর্কে অবগত দুই কূটনীতিকের বরাত দিয়ে বলা হয়, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি সমঝোতা হয়েছে। এর আওতায় জাহাজগুলো হরমুজ প্রণালির ইরান-নিয়ন্ত্রিত দিক দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করবে এবং ওমান-নিয়ন্ত্রিত দিক দিয়ে বের হবে।

প্রতিবেদন অনুযায়ী, ওমান এ সমঝোতায় নীতিগত সম্মতি দিয়েছে। তবে দেশটি চেয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই চুক্তি মেনে চলবে—এ বিষয়ে নিশ্চয়তা থাকতে হবে।

চ্যানেল ১২-এর সাংবাদিক বারাক রাভিদ, যিনি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর সঙ্গেও যুক্ত, জানান যে কাতার বর্তমানে আইআরজিসির কাছ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।