বিনোদন ডেস্ক:
বলিউডে শাহরুখ খানের জনপ্রিয়তার উত্থানের সময় চলচ্চিত্রজগতে আন্ডারওয়ার্ল্ডের প্রভাব ছিল বেশ শক্তিশালী। সে সময় সিনেমার সঙ্গে যুক্ত তারকা ও নির্মাতাদের নানা ধরনের হুমকি দেওয়া হতো। প্রাণনাশের হুমকি থেকে বাদ যাননি বলিউড বাদশাহ শাহরুখ খানও।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক সঞ্জয় গুপ্ত জানান, হুমকির মুখে কখনোই ভেঙে পড়েননি শাহরুখ। বরং স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন, ভয় দেখিয়ে তাকে কোনো সিদ্ধান্ত থেকে সরানো যাবে না।
১৯৯৭ সালে মহেশ ভাটের ‘ডুপ্লিকেট’ ছবিতে কাজ করার সময় শাহরুখের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। জানা যায়, ওই সময় গ্যাংস্টার আবু সালেম সরাসরি শাহরুখকে ফোন করেছিলেন। তার ঘনিষ্ঠ এক প্রযোজকের ছবিতে কাজ করতে রাজি না হওয়ায় ফোনে অভিনেতাকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয়।
সঞ্জয় গুপ্তের ভাষ্য, হুমকির জবাবে শাহরুখ বলেছিলেন, তিনি কোনো ছবি করবেন না, কোনো অনুষ্ঠানে যাবেন না। তিনি নিজেকে ‘পাঠান’ উল্লেখ করে বলেছিলেন, গুলি করতে চাইলে গুলি করা যেতে পারে, কিন্তু ভয় দেখিয়ে তাকে তাদের সঙ্গে কাজ করানো যাবে না।
সঞ্জয় মনে করেন, শাহরুখের এই দৃঢ় অবস্থানই তাকে আন্ডারওয়ার্ল্ডের কাছেও সম্মান এনে দিয়েছিল। তবে ঘটনার পর প্রায় তিন বছর তাকে কড়া নিরাপত্তা ও পুলিশি পাহারায় থাকতে হয়েছিল।
এক সাক্ষাৎকারে প্রাণনাশের হুমকি পেয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে শাহরুখও জানিয়েছিলেন, তিনি বহুবার হুমকি পেয়েছেন এবং তিন বছর কঠোর নিরাপত্তার মধ্যে থাকতে হয়েছিল।
