পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

নিজ সংবাদ:

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধ এবং পরিবেশদূষণ নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে পরিবেশদূষণ নিয়ন্ত্রণবিষয়ক পর্যালোচনা সভায় সভাপতিত্ব করে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। পরে প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব গাজী শাহরিয়ার পামির সভার বিষয়বস্তু সাংবাদিকদের জানান।

সভায় পরিবেশদূষণ নিয়ন্ত্রণে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ভবিষ্যৎ করণীয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়। পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বাড়ানো, বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় প্রধানমন্ত্রী পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণে বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। পরিবেশদূষণ কমাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোরও প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

পর্যালোচনা সভায় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।