ইয়ামালের কথা ভাবছে না ফ্রান্স, জানালেন কোনাতে

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

 

 

ক্রীড়া প্রতিবেদক \ কোনো একজনকে নিয়ে বেশি ভাবতে নারাজ ফ্রান্স। তাদের লক্ষ্য শক্তিশালী স্পেনকে হারানো। তাই একজন বা দু’জন ফুটবলার নয়, বরং পুরো দলকে নিয়ে ভাবছে ফ্রান্স। এমনটাই জানিয়েছেন ফরাসি সেন্টার ব্যাক ইব্রাহিমা কোনাতে। ম্যাচের আগে কোনাতে জানিয়েছেন, স্পেনের মতো দলকে হারাতে হলে নিজেদের সেরা খেলাটা খেলতে হবে। তার জন্যই তৈরি হচ্ছেন তারা। সংবাদসংস্থা রয়টার্সকে কোনাতে বলেন, ‘কাউকে ভয় পেলে চলবে না। সামনে কঠিন লড়াই। তার জন্য তৈরি হচ্ছি। আশা করি শেষ হাসিটা আমরাই হাসব।’ এবারের বিশ্বকাপে মাত্র একটি গোল করলেও ইয়ামালের গতি ও ড্রিবল সমস্যায় ফেলেছে প্রতিপক্ষকে। বার বার প্রান্ত ধরে আক্রমণে উঠেছেন। কখনো ক্রস বাড়াচ্ছেন। কখনো নিজে শট মেরেছেন। অবশ্য ইয়ামালকে নিয়ে বাড়তি গুরুত্ব দিতে নারাজ কোনাতে। তিনি বলেন, ‘স্পেন খুবই শক্তিশালী দল। বেশ কয়েকজন ভালো ফুটবলার রয়েছে। তাই একজনের কথা ভাবলে হবে না। ইয়ামাল ভালো ফুটবলার। কিন্তু ওর কথা ভাবছিই না। আমরা পুরো স্পেনকে নিয়ে ভাবছি।’ বিশ্বকাপের গত দু’দশকে সবচেয়ে ধারাবাহিক দল ফ্রান্স। এর আগে ১৯৯৮ থেকে ২০২২ সালের মধ্যে সাতটি বিশ্বকাপের চারটিতে ফাইনাল খেলেছে তারা। দু’বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। দু’বার রানার্সআপ। ১৯৭৪ থেকে ১৯৯০ সালের মধ্যে পাঁচ বিশ্বকাপের চারটিতে ফাইনাল খেলেছিল তৎকালীন পশ্চিম জার্মানি। এবার ফাইনালে উঠলে জার্মানির সেই দাপটকেও ছাপিয়ে যাবে ফ্রান্স। অতীতের কথা ভাবতে চান না কোনাতে। তাদের নজর মঙ্গলবারের দিকে। কোনাতে বলেন, ‘আমরা অতীতের কথা ভাবছিই না। কোনো ফাঁদে পা দিতে চাই না। শুধু চুপচাপ নিজেদের খেলাটা খেলতে চাই।’ চলতি বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে। গোলের জন্য তার ওপর ভরসা ফ্রান্সের। উসমান দেম্বেলও পাঁচ গোল করে ফেলেছেন। গোটা দলকেই ভয়ঙ্কর দেখাচ্ছে। তবে সামনে স্পেন, যারা এই বিশ্বকাপে মাত্র এক গোল হজম করেছে। ফলে লড়াই সহজ হবে না। সেই কারণে, শুধু এক জনের কথা না ভেবে গোটা স্পেনকে নিয়ে ভাবছেন কোনাতেরা।