উন্নত দেশ গড়তে শিশুদের শ্রম থেকে বিরত রেখে শিক্ষার আওতায় আনতে হবে

কুষ্টিয়ায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভায় জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

 

আফসানা ইসলাম পুষ্প \ কুষ্টিয়ায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “শিশু শ্রমকে না বলি, শোভন কর্মসংস্থান নিশ্চিত করি” প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করেন। গতকাল সোমবার (২৯ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে কালেক্টরেট চত্বর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালি শেষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: তৌহিদ বিন-হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কুষ্টিয়ার উপ মহাপরিদর্শক ফরহাদ ওহাব। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এসময় জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান বলেন, উন্নত দেশ গড়তে হলে শিশুদের শ্রম থেকে বিরত রেখে শিক্ষার আওতায় আনতে হবে। একই সঙ্গে শিশুশ্রম প্রতিরোধে প্রচলিত আইন যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এদিকে আলোচনা সভায় অন্য বক্তারা বলেন, শিশুশ্রম একটি সামাজিক অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। যা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করে। প্রতিটি শিশুর শিক্ষা, নিরাপদ শৈশব ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্ব। শিশুশ্রম নির্মূলে সরকারের পাশাপাশি অভিভাবক, নিয়োগকর্তা এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে প্রাপ্তবয়স্কদের জন্য শোভন কর্মসংস্থান নিশ্চিত করা গেলে শিশুশ্রম উল্লেখযোগ্যভাবে কমে আসবে। বক্তারা আরো বলেন, বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের অঙ্গীকার বাস্তবায়নে শিশুদের শ্রম থেকে দূরে রেখে শিক্ষা ও নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি প্রতিটি শিশুর শিক্ষা, নিরাপত্তা ও সুন্দর শৈশব নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে এবং শিশুশ্রমের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।