গাংনী প্রতিনিধি \ মেহেরপুরের গাংনীতে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করা, মাঠ পর্যায়ে কৃষি জ্ঞান সম্প্রসারণ এবং টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সনজীব মৃধা। কংগ্রেসে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএই পার্টনার যশোরের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ শেখ সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে কৃষিকাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে চারজন কৃষকের মাঝে চারটি ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, এসব যন্ত্র জৈব সার উৎপাদনকে সহজতর করার পাশাপাশি কৃষি উৎপাদন কার্যক্রমকে আরও আধুনিক ও লাভজনক করতে সহায়ক ভূমিকা রাখবে। এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক ও বামন্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল, কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইন, সাহারবাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শফিকুল ইসলাম, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন এলাকার নারী-পুরুষ কৃষক। বক্তারা বলেন- কৃষকদের প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের জীবনমান উন্নয়ন সম্ভব। এ ধরনের কার্যক্রম কৃষিকে আরও টেকসই ও প্রযুক্তিনির্ভর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে কৃষি বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত পার্টনার ফিল্ড স্কুলের সদস্যসহ স্থানীয় কৃষকরা অংশগ্রহণ করেন।
