সবজির দাম তলানিতে ঠেকায় কুষ্টিয়ার সবজি চাষীরা বিপাকে

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

নিজ সংবাদ \ কুষ্টিয়া অঞ্চলের সবজি চাষিরা দীর্ঘদিন ধরে তাদের উৎপাদনের জন্য সুখ্যাতি ভোগ করলেও এবারের গ্রীষ্ম মৌসুমে তারা চরম সংকটে পড়েছেন। জেলার বিস্তীর্ণ জমিতে প্রচুর সবজি উৎপাদন হলেও বাজারে দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় কৃষকদের মুখে হাসি নেই। মৌসুমের শুরুতে সবজির দাম ভালো থাকলেও গত দুই সপ্তাহ ধরে খুচরা বাজারে অধিকাংশ সবজি ১৫ থেকে ২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে দাম আরও অর্ধেক। পাইকারি ব্যবসায়ী ইদ্রিস আলী জানান, “এবছর সবজির বাজার খুবই খারাপ। সাধারণত এ সময়ে ৩০-৩৫ মণ ঢেঁড়স বিক্রি করতাম, কিন্তু আজ ১৫ মণ এনেও পুরোটা বিক্রি করতে পারিনি।” খুচরা বিক্রেতা জামশেদ মন্ডল বলেন, “মিউনিসিপ্যাল বাজার থেকে সবজি কিনে গ্রামে বিক্রি করি। এখন দাম এত কম যে ব্যবসায় মন্দা দেখা দিয়েছে।” চাষিরা জানান, সার, কীটনাশক, দিনমজুরসহ উৎপাদন খরচ বাদ দিয়ে লাভ তো দূরের কথা, খরচই উঠছে না। চাষী জালাল উদ্দিন বলেন, “সব খরচ মিলিয়ে যে পরিমাণ টাকা খরচ হয়েছে, তা তুলতে পারছি না। গত কয়েক বছরে গ্রীষ্মকালে এমন দরপতন দেখিনি।” কুষ্টিয়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুপালী খাতুন জানান, “আবহাওয়া অনুকূল এবং বৃষ্টিপাত কম হওয়ায় এবার সবজির উৎপাদন বেড়েছে। ফলে দাম ক্রেতাদের নাগালে এলেও কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের ক্ষতি পুষিয়ে দিতে প্রণোদনাসহ বিভিন্ন সহযোগিতার ব্যবস্থা করা হবে।” কৃষকরা ন্যায্যমূল্য না পেলে চাষে উৎসাহ হারাবেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন। এতে ভবিষ্যতে সবজির উৎপাদন কমে বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে। তাই সবজির সঠিক দাম নিশ্চিত করার দাবি জানিয়েছেন চাষিরা।