হাসানুজ্জামান রাজীব \ পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব কুষ্টিয়া গড়ে তোলার লক্ষ্যে কুষ্টিয়ায় কেকে-জিকের উদ্যোগে পরিচ্ছন্নতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাতে কুষ্টিয়া জেলা বিএনপির কোর্টপাড়া স্টেশন রোডস্থ দলীয় কার্যালয়ে এ সভা হয়। সভায় বক্তারা বলেন, একটি পরিচ্ছন্ন ও সবুজ শহর শুধু পরিবেশের উন্নয়ন ঘটায় না, মানুষের মনে পরিবেশ রক্ষার দায়িত্ববোধও জাগ্রত করে। কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ও কেকে-জিকের উপদেষ্টা প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, “পরিচ্ছন্নতা ও সবুজায়ন একটি চলমান প্রক্রিয়া। শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব কুষ্টিয়া গড়ে তুলতে চাই।” তিনি আরও জানান, “এ লক্ষ্যে ৬টি ক্যাটাগরিতে ৩৯ দলের পরিচ্ছন্নতা প্রতিযোগিতা আয়োজন করা হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দলগুলোকে চীন, মালয়েশিয়া অথবা থাইল্যান্ড ভ্রমণের সুযোগ দেওয়া হবে। দেশের ভিতরেও শিক্ষনীয় স্থানে হেরে যাওয়া দলদের নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে”। কেকে-জিকের আহ্বায়ক আব্দুল মইদ বাবুল বলেন, “যারা নিজ উদ্যোগে সবুজায়ন করতে চায়, শুধুমাত্র তাদেরকেই কমিটিতে স্থান দেওয়া হবে।” সভা শেষে অংশগ্রহণকারীরা পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রমকে আরও বেগবান করতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার করেন। এ উদ্যোগ কুষ্টিয়াকে একটি মডেল শহর হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
