মাহমুদুল হাসান চন্দন \ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পৌরসভা এলাকার কলেজবাজারে পোকায় ধরা আটা বিক্রি এবং পরবর্তীতে তা ফেরত নিতে অস্বীকৃতি জানানোর অপরাধে মেসার্স শ্যামল স্টোর নামের একটি মুদি দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা ৭টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান পরিচালিত হয়। আদালত সূত্র জানায়, উপজেলার বিলশুকা ভবানীপুর এলাকার বাসিন্দা লিখন মোল্লা নামের এক ক্রেতা কলেজবাজারের মেসার্স শ্যামল স্টোর থেকে ৩৯ টাকা কেজি দরে ৫ কেজি আটা ক্রয় করেন। পরদিন বাড়িতে গিয়ে দেখা যায় আটার ভেতর কালো রঙের পোকা ভাসছে। ভুক্তভোগী ক্রেতা আটাগুলো ফেরত দেওয়ার জন্য দোকানে গেলে, মালিক শ্যামল কুন্ডুর ছেলে জয় কুন্ডু তা ফেরত নিতে সম্পূর্ণ অস্বীকার করেন। কোনো উপায় না পেয়ে ক্রেতা লিখন মোল্লা ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করে সুষ্ঠু বিচার দাবি করেন। অভিযোগের সত্যতা যাচাই ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনও সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহারকে নির্দেশ প্রদান করেন। এই নির্দেশের প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উপজেলা প্রশাসনের একটি দল মেসার্স শ্যামল কুন্ডুর মুদি দোকানে আকস্মিক অভিযান চালায়। অভিযানকালে প্রতিষ্ঠানের মালিক শ্যামল কুন্ডু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সময় আমি দোকানে ছিলাম না। আমার ছেলে জয় কুন্ডু দোকানে ছিল, তার ভুলের কারণেই এমনটা ঘটেছে। এরপর দোকান মালিক তাৎক্ষণিকভাবে ভুক্তভোগী ক্রেতাকে ৫ কেজি ফ্রেশ (ভালো) আটা বুঝিয়ে দেন। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ওই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে শাস্তির আদেশ দেন। দোকান মালিক শ্যামল কুন্ডু নিজের দোষ স্বীকার করে ভবিষ্যতে এমন কাজ আর করবেন না বলে আদালতকে আশ্বস্ত করেন। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার সাংবাদিকদের জানান, ভেজাল ও নিম্নমানের খাদ্য সামগ্রী বিক্রি রোধে এবং জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।
