আজাদ সানি \ কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নে যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ৯টি ওয়ার্ডের ক্রীড়াপ্রেমীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে পাটিকাবাড়ীর মাজিলা নতুন বাজারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় যুব সমাজের ক্রীড়া কার্যক্রমকে উৎসাহিত করা এবং খেলাধুলার প্রসার ঘটানোর লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। মাজিলা গ্রামের কৃতিসন্তান ও ইতালি প্রবাসী তরুণ সমাজসেবক গাজী রকিব আহমেদ বনির সৌজন্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ক্রীড়া সংগঠন ও তরুণ খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইবি থানা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি, যুব ও ক্রীড়া বিভাগের থানা শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল। তিনি বলেন, খেলাধুলা তরুণ সমাজকে সুস্থ, সচেতন ও শৃঙ্খলাবদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তরুণদের মধ্যে নেতৃত্বগুণ, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মনোভাব সৃষ্টি করে। পাটিকাবাড়ী ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি খাদেমুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রিপন আলী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক উসমান গণি, শ্রমিক কল্যাণ সম্পাদক আজিবার রহমান, দাওয়া সম্পাদক হাফেজ নজরুল ইসলাম, জামায়াত নেতা আশাদুল ইসলাম, মর্তুজা খান, আতিয়ার রহমান, আসমত আলী, হাফেজ জামাল উদ্দিন ,জাফর আলী, আবুল হাশেম, সমাজসেবক গাজী আলহাজ্ব লুৎফর রহমান, গাজী আব্দুল খালেক, হাফিজুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
