মিরপুর প্রতিনিধি \ চলমান বৃষ্টিপাতের প্রেক্ষাপটে গতকাল শনিবার (১১ জুলাই) বিকেল ৪টার সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার পদ্মা নদীর বাঁধের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঈষিতা আক্তার, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন। আরো উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার মোঃ ময়নুল ইসলাম, সাংবাদিক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, মোঃ মকিবুল ইসলাম, মোঃ আসাদুল ইসলাম, মোঃ শিহাবুল ইসলাম, মোঃ সাজেদুল হক ও তরুণ কৃষি উদ্দোক্তা সাংবাদিক সোহরাব হোসেন প্রমূখ। পরিদর্শনকালে উপজেলা প্রশাসনের কর্তাব্যক্তিরা বাঁধের বিভিন্ন ঝুঁকিপূর্ণ অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক অবস্থানে থেকে বাঁধের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, চলমান বৃষ্টিপাতের কারণে কৃষিজমির পরিস্থিতিও পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করা হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।
