কুষ্টিয়া লেখক ফোরামের ১২৪’তম মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত

রবিবার, আগ ২, ২০২৬

ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন কুষ্টিয়া লেখক ফোরামের উদ্যোগে শনিবার বিকেলে শহরের কাটাইখানা মোড়, সমবায় মার্কেটের দোতলায় ‘বাঙলাদেশ লেখক শিবির’ এর অস্থায়ী কার্যালয়ে লেখক ফোরামের ১২৪তম মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া লেখক ফোরামের সভাপতি কবি ও গল্পকার মুনশী সাঈদ। আসরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজ এর ইংরেজি বিভাগের অধ্যাপক বিশিষ্ট কবি হাশিম কিয়াম এবং জাতীয় দৈনিক ‘খবরের কাগজ’ এর উপসম্পাদক বিশিষ্ট গবেষক ড. মুহম্মদ এমদাদ হাসনায়েন। অনুষ্ঠানের শুরুতেই সভাপতি মাসিক সাহিত্য আসরে উপস্থিত হওয়ায় সকল কবি সাহিত্যিকগণকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে স্বাগত বক্তব্য পেশ করেন। অতঃপর দেশের বিশিষ্ট কবি আল মাহমুদ, মফস্বল সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদার ও বাংলা ছোটগল্পের বরপুত্র কুষ্টিয়ার সন্তান জগদীশ গুপ্তের এই জুলাই মাসে জন্ম হওয়ায় তাঁদের স্মৃতি তর্পণ করা হয়। একই সাথে লেখক ফোরামের সহ-সভাপতি জনাব আজিজুর রহমান এর আশু রোগমুক্তি কামনা করা হয়। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট কবি আল মাহমুদ ও মফস্বল সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদারের জীবন ও সাহিত্যকর্ম বিষয়ে আলোচনা করেন বিশিষ্ট ছড়াকার ও কবি আব্দুল্লাহ সাঈদ। অতঃপর বাংলা ছোটগল্পের বরপুত্র কুষ্টিয়ার সন্তান জগদীশ গুপ্তের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানের সভাপতি মুনশী সাঈদ। তিনি জানান যে, জগদীশ গুপ্ত তৎকালীন নদীয়া জেলা বর্তমানে কুষ্টিয়া জেলা শহরের আমলাপাড়ায় ১৮৮৬ সালের ৫ জুলাই জন্মগ্রহণ করেন। বাবা কৈলাশ চন্দ্র সেনগুপ্ত ও মা সৌদামিনী দেবী। এযাবৎকালের প্রাপ্ত তথ্যানুসারে জগদীশ গুপ্তের ৩৫টি গ্রন্থ প্রকাশিত হয়। এর মধ্যে অধিক উল্লেখযোগ্য ৮টি গল্পগ্রন্থ ও ১২টি উপন্যাস। তিনি মূলত বাংলা ছোটগল্পের জন্যে বিখ্যাত। নিঃসন্তান জগদীশ গুপ্ত ১৯৫৭ সালের ১৫ এপ্রিল কলকাতায় মৃত্যুবরণ করেন। আসরের দ্বিতীয় পর্বে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান, আলোচনা, আবৃত্তি ও সাহিত্য পাঠে অংশগ্রহণ করেন কবি হাশিম কিয়াম, ড. মুহম্মদ এমদাদ হাসনায়েন, মোহাম্মদ আয়ূবউজ্জামান, বিপুল বিশ্বাস, আসমা আনসারী মীরু, মোহাম্মদ তাজউদ্দীন, শেখ আব্দুল হাই, ড. পিন্টু আশফাক, সাহাবুদ্দিন আহমেদ, আসলাম আলী, বিপ্লব মৈত্র, আব্দুল্লাহ সাঈদ, ম. মনিরুল ইসলাম, মিলন বিশ্বাস, সামিরা খাতুন পাশা, কামরুন্নাহার শিরীন, মান্নান মণি, কামরুল আহসান মনি, ইমাম উদ্দিন আহমেদ, ফজলুল হক, সাকিলা পারভিন, হোসনে আরা, শোয়াইব আকন্দ, রমেছা খাতুন, বাবুল পিয়ার, মাসুদ সিদ্দিক, আব্দুল হান্নান, আব্দুর রাজ্জাক ও খ.ম. আশেকুল ইসলাম সহ আরো অনেকে। অতঃপর আসরে পঠিত কবিতা নিয়ে আলোচনা করেন সভাপতি মুনশী সাঈদ। আসরের সমাপ্তিঅংশে কুষ্টিয়া লেখক ফোরাম প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে ১২৪ টি মাসিক সাহিত্য আসর সফলভাবে সম্পন্ন করায় উপস্থিত সকল কবি সাহিত্যিকগণকে ধন্যবাদ জ্ঞাপন করে সভাপতি আসরের সমাপ্তি ঘোষণা করেন। আসরটি সঞ্চালনা করেন কুষ্টিয়া লেখক ফোরামের সাধারণ সম্পাদক বিশিষ্ট ছড়াকার ও কবি আব্দুল্লাহ সাঈদ। সংবাদ বিজ্ঞপ্তি \