মিরপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশের অভিযানে গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ সাইফুল শেখ (৩২) নামের এক সাবেক প্রবাসী শাখার যুবলীগ নেতাকে আটক করা হয়েছে। আটককৃত সাইফুল শেখ মিরপুর উপজেলার ৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি হাজী মোলাম শেখের ভাতিজা, চৌদুয়ার শেখ পাড়া গ্রামের মো. চাঁদ আলী শেখের ছেলে। গতকাল শনিবার (১১ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানা পুলিশ উপজেলার নিমতলা বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানকালে সাইফুল শেখকে গাঁজা এবং মাদক সেবনের কলকীসহ হাতেনাতে আটক করা হয়। আটকের পর আসামিকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইশিতা আক্তার ফৌজদারী কার্যবিধির সংশ্লিষ্ট ধারা মোতাবেক সংক্ষিপ্ত বিচারকার্য পরিচালনা করেন। এসময় অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন। আদালতের নির্দেশনানুযায়ী সাজাপ্রাপ্ত আসামিকে বিধি মোতাবেক জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
