নিজ সংবাদ \ কুষ্টিয়ার মিরপুর উপজেলায় তালবাড়িয়া হাইস্কুল রোডে ট্রাক চলাচলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের কিছু ব্যক্তির বিরুদ্ধে। চাঁদার দাবি না মানায় ট্রাক চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন চালক ও মালিকরা। এর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকেলে তালবাড়িয়া বালুঘাটের সামনে মানববন্ধন করেন ট্রাক চালক, মালিক ও স্থানীয় বালু ব্যবসায়ীরা। ট্রাক চালক হান্নান বলেন, “১৮ ফুট প্রশস্ত এই রাস্তা গাড়ি চলাচলের জন্যই তৈরি করা হয়েছে। আমার গাড়ি এই রাস্তা দিয়ে যেতে দেবে না বলে জানিয়েছে। সড়ক কর্তৃপক্ষ যদি বলে এখানে প্রবেশ নিষেধ, তাহলে মেনে নেব। কিন্তু মাঝপথে আটকে দেওয়া কোনো নিয়ম নয়।” বালু ব্যবসায়ীরা জানান, স্থানীয় আওয়ামী লীগের কিছু লোক প্রতি ট্রাকের জন্য ১০০ টাকা চাঁদা দাবি করছে। টাকা না দিলে ট্রাক চলতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়েছে। ট্রাকচালক হাবিবুল্লাহ বলেন, “প্রায়ই মারধর করা হয়। ভ্যাট-ট্যাক্স দিয়ে আমরা রাস্তায় গাড়ি চালাই, কিন্তু আমাদের নিরাপত্তা কোথায়?” পদ্মা নদীর তালবাড়িয়া ঘাট থেকে উত্তোলিত বালু দীর্ঘদিন ধরে কুষ্টিয়াসহ বিভিন্ন এলাকার চাহিদা মিটিয়ে আসছিল। সরকারি নতুন ইজারা না দেওয়ায় ঘাট বন্ধ রয়েছে। ফলে বালুবাহী ট্রাকগুলো এখন অন্যান্য মালামাল পরিবহন করছে। স্থানীয়দের অধিকাংশই বালু ব্যবসার সঙ্গে জড়িত। তবে নিজেদের কোন্দলের কারণে ট্রাক চালক ও মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা জিয়াউল ইসলাম জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে দ্রুত রাস্তাকে চাঁদাবাজমুক্ত করার দাবি জানিয়েছেন। ট্রাক চালক ও মালিকরা নির্বিঘ্নে যান চলাচলের নিশ্চয়তা চেয়েছেন।
