মেহেরপুরে দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

তোফায়েল হোসেন \ দরিদ্র নারীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে মেহেরপুরে বিনামূল্যে গাভী বিতরণ এবং গবাদিপশু পালনবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) সহযোগিতায় এবং সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার বাস্তবায়নে সংস্থার নিজস্ব প্রশিক্ষণ কক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম এবং উপকারভোগীদের করণীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঈন-উল-আলম। তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে দরিদ্র নারীদের স্বাবলম্বী করে তোলা এবং তাদের পরিবারের আর্থিক অবস্থার টেকসই উন্নয়ন ঘটানোই এই প্রকল্পের মূল লক্ষ্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মুন্সি জাহাঙ্গীর জিন্নাত। প্রকল্পের সফল বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করে বক্তব্য দেন প্রজন্ম সংগঠনের পরিচালক জহুরুল ইসলাম। তিনি উপকারভোগীদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে গবাদিপশু পালনকে একটি লাভজনক উদ্যোগে পরিণত করার আহ্বান জানান। কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তোফাজ্জল হোসেন। প্রশিক্ষণ কর্মসূচি শেষে প্রধান অতিথি হিসেবে ৭ জন দরিদ্র নারী উপকারভোগীর মাঝে বিনামূল্যে গাভী বিতরণ করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবলু সূত্রধর। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন।