নিজ সংবাদ \ কুষ্টিয়া শহরের তুলসান ডায়াগনস্টিক সেন্টারে ঝটিকা অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। চিকিৎসা পেশার অপব্যবহার এবং প্রয়োজনীয় যোগ্যতার সনদ ছাড়া রোগী দেখার দায়ে মহেন্দ্র আগারওয়ালা ওরফে বাবু নামে এক কথিত চিকিৎসককে এক মাস সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। একই সাথে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। দন্ডাদেশ ঘোষণার পরপরই সাজাপ্রাপ্ত ওই ব্যক্তিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মনিরা আকতার নেতৃত্বে এবং জেলা সিভিল সার্জন কার্যালয় ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়। আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের তুলসান ডায়াগনস্টিক সেন্টারে দীর্ঘদিন ধরে সুনির্দিষ্ট ও বৈধ প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছাড়াই মহেন্দ্র আগারওয়ালা বাবু নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে অভিযোগের সত্যতা মেলায় এবং অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও চিকিৎসা সংশ্লিষ্ট আইনে তাকে এই সাজা প্রদান করা হয়। এদিকে ডায়াগনস্টিক সেন্টারে এমন অনিয়ম ও ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী ও কুষ্টিয়ার সচেতন নাগরিক সমাজ। অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং চিকিৎসাসেবার নামে যেকোনো ধরনের প্রতারণা ও অনিয়ম রোধে জেলা জুড়ে এই ধরনের কঠোর নজরদারি ও মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
