নিজ সংবাদ \ বন্যা, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে কুষ্টিয়ায় সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। গতকাল বুধবার পরীক্ষা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুষ্টিয়া শহরের মজমপুর গেটে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা কুষ্টিয়া-ঝিনাইদহ ও কুষ্টিয়া-পাবনা মহাসড়কের সংযোগস্থলে অবস্থান নিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেন। শিক্ষার্থীরা বলেন, সাম্প্রতিক বন্যা ও প্রতিকূল আবহাওয়ার কারণে দেশের অনেক জেলায় পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বিশেষ করে ১৩ জুলাইয়ের পরীক্ষায় বৈরী আবহাওয়ায় অনেকে কেন্দ্রে পৌঁছাতে পারেননি। তাদের স্বার্থে পুনঃপরীক্ষার ব্যবস্থা করতে হবে। তাদের তিন দফা দাবিগুলো হলো: ১. শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ, ২. বন্যা ও দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা ও ৩. ১৩ জুলাই যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনঃপরীক্ষার আয়োজন। বিক্ষোভে অংশ নেয়া এক শিক্ষার্থী জানায়, “এতবছর পরে আমাদের পরিপূর্ণ সিলেবাসে পরীক্ষা হচ্ছে, যেহেতু সবগুলো পরীক্ষার প্রশ্ন একরকম ছিলো সেহেতু প্রশ্ন সহজ করা উচিৎ ছিলো, যাতে সাধারণ শিক্ষার্থীরা সহজে পাশ করতে পারে। এছাড়াও প্রশ্নের মধ্যে ভুল রয়েছে, যা শিক্ষার্থীদের ব্যাপক সমস্যার মধ্যে ফেলেছে”। আরেক ছাত্রী জানান, ুসারাদেশে বন্যা চলছে। এই বন্যার মধ্যে ছেলেদের কথা বাদ দিলাম, মেয়েদের যেহেতু পিরিয়ড হয়, এই অবস্থায় কোমর সমান পানির মধ্যে দিয়ে পরীক্ষা দিতে যাওয়া আসা কি সম্ভব শিক্ষামন্ত্রীর যা করা উচিৎ ছিলো, তিনি সম্পূর্ণ তার উল্টো কাজ করেছেন”। এদিকে সড়ক অবরোধের ফলে কুষ্টিয়া-ঝিনাইদহ ও কুষ্টিয়া-পাবনা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি পড়ে এবং সাধারণ যাত্রী ও কর্মজীবী মানুষ চরম দুর্ভোগে পড়েন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যান চলাচল স্বাভাবিক হয়। শিক্ষার্থীরা জানান, তাদের ন্যায্য দাবিগুলো দ্রুত মেনে নেওয়া না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
