শফিকুর রহমান \ কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের খাদিমপুর গ্রামে গতকাল মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। সংবাদ পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল থেকে রাজশাহীগামী একটি পিকআপ চলন্ত অবস্থায় ১০ চাকার একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনার কবলে পড়ে। আহতদের স্থানীয়দের সহায়তায় কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পিকআপ চালক সজীব মৃত্যুর কোলে ঢলে পড়েন। আহত হেল্পার সজীব জানান, “ভোর চারটার দিকে গাড়ি নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ ট্রাকের চাকা ফেটে আমাদের গাড়ির উপর পড়ে। চালক ঘটনাস্থলেই মারা যান।” আরেক আহত জিহাদ বলেন, “কিছু বুঝে ওঠার আগেই বড় ধাক্কা খেলাম। মাথা-কান ফেটে গেছে।” হাইওয়ে পুলিশের এসআই হালিম জানান, “পিকআপ ও ট্রাকের সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছে। দুই হেল্পারসহ মোট চারজন আহত হয়েছেন।” কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মান্নান বলেন, “দুর্ঘটনায় পাঁচজন হাসপাতালে আনা হয়। একজন মৃত অবস্থায় ছিলেন। বাকি চারজন ভর্তি আছেন, তাদের চিকিৎসা চলছে। নিহতের লাশ মর্গে রাখা হয়েছে।” এই দুর্ঘটনা আবারও কুষ্টিয়া-পাবনা মহাসড়কে বেপরোয়া গতি, যানবাহনের ত্রুটি এবং সড়ক নিরাপত্তার অভাবকে তুলে ধরেছে। স্থানীয়রা যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও সড়কে কার্যকর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
