কুষ্টিয়ায় খাস জমি দখলের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

রাস্তা বন্ধ করে স্থাপনা, ভোগান্তিতে গ্রামবাসী

শনিবার, জুন ১৩, ২০২৬

 

 

তরিকুল ইসলাম \ কুষ্টিয়া সদর উপজেলার লাহিনী ও নগর মহাম্মদপুর এলাকায় সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষক ও গ্রামবাসীরা। গতকাল মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ব্যবহৃত রাস্তা অবৈধ দখলদারদের স্থাপনার কারণে সংকুচিত হয়ে পড়েছে। ফলে তিনটি গ্রামের প্রায় হাজারখানেক মানুষের ফসল পরিবহনসহ দৈনন্দিন চলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে। আন্দোলনকারী আজাদ বলেন, “তিনটি গ্রামের হাজার খানেক মানুষের ফসল আনা-নেওয়ার একমাত্র রাস্তা। এখন গায়ের জোরে সেই রাস্তার উপর প্রাচীর দেয়া হচ্ছে।” রহমত আলী জানান, “দাদার আমল থেকে এ রাস্তা দিয়ে ফসল পরিবহন হয়। হঠাৎ প্রাচীর দিয়ে বন্ধ করে দেয়া হচ্ছে।” ফরহাদ আলী অভিযোগ করেন, বাধা দিতে গেলে দখলকারীরা অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণের চেষ্টা চালিয়েছে। মাসুদ রানা বলেন, “দখলকারীরা দাবি করছে ইউএনও সাহেব জায়গা দিয়েছেন। সরকারি জমিতে বাড়ি করা যায় এটা তো কখনো শুনিনি।” ঘটনার বিষয়ে জমির সাথে সংশ্লিষ্ট রাজু আহম্মেদ জানান, তাঁর ফুপাতো বোন রুবি খাতুন ৭ শতাংশ জমি ৯৯ বছরের স্থায়ী বন্দোবস্ত পেয়েছেন। তবে কৃষকদের ফসল আনা-নেওয়ার পথ দিতে তিনি সম্মত। কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন-অর রশিদ বলেন, “সরকারি আইন অনুসারে স্থায়ী বন্দোবস্ত দেওয়া হলে আর সরকারি খাস বলা যায় না। তবে কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রশাসন ব্যবস্থা নেবে।” মানববন্ধন শেষে গ্রামবাসীরা সরকারি খাস জমি উদ্ধার ও অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেন এবং দ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।