কুষ্টিয়ায় কাজী মোতাহার হোসেন আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতার উদ্বোধন

শনিবার, জুন ১৩, ২০২৬

 

নিজ সংবাদ \ কুষ্টিয়ায় দাবা প্রতিযোগীতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে “ড. কাজী মোতাহার হোসেন আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৬” এর উদ্বোধন করা হয়। বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত দাবাড়ুদের অংশগ্রহনের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড়রা অংশ নিয়েছিলো। গতকাল শুক্রবার (১২ জুন) সকাল ১০টার দিকে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেন। এসিপিবি সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আব্দুল গফফার। কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এসিপিবি এ খেলার আয়োজন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা দাবায় প্রতীকী চাল দিয়ে প্রতিযোগিতার শুভ সূচনা করেন। প্রধান অতিথি ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, কাজী মোতাহার হোসেন তার জীবদ্দশায় ১৯২৯ সাল থেকে ১৯৬০ সাল পর্যন্ত এক নাগাড়ে ৩১ বছর চ্যাম্পিয়ন ছিলেন।  বিশ্বের সেরা খেলোয়াড় ছিলেন। এই মহান ব্যক্তির জন্ম কুষ্টিয়া জেলায়। উনার স্মৃতির জন্য এই দাবা খেলার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, দাবা একটি মননশীল ও কৌশলনির্ভর খেলা, যা মানুষের চিন্তাশক্তি, ধৈর্য এবং সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধি করে। তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত রেখে সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে দাবার মতো খেলাধুলার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন। আয়োজকরা জানান, আন্তর্জাতিক রেটিংভুক্ত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত রেটেড ও আনরেটেড দাবাড়ুরা অংশগ্রহণ করছেন। আন্তর্জাতিক দাবা নিয়ম অনুযায়ী এই প্রতিযোগিতার খেলাগুলো পরিচালিত হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য ট্রফি ও আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। উদ্বোধন শেষে প্রতিযোগিতার প্রথম রাউন্ডের খেলা শুরু হয়। এ সময় দাবাপ্রেমী দর্শক, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, “কাজী মোতাহার হোসেন স্মৃতিতে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৬” দেশের দাবা অঙ্গনের পাশাপাশি কুষ্টিয়াতে নতুন প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের দাবার অবস্থান আরও সুদৃঢ় করবে।