কুষ্টিয়ায় ডেঙ্গু নিয়ন্ত্রণে থাকলেও সতর্কতার পরামর্শ চিকিৎসকদের

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

আফসানা ইসলাম পুষ্প \ কুষ্টিয়ায় ডেঙ্গু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসকরা। তবে বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার বাড়ায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা। বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আড়াই বছরের এক শিশু ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালে ডেঙ্গু রোগীর জন্য আলাদা কোনো ইউনিট না থাকায় শিশুটি শিশু ও মেডিসিন বিভাগে চিকিৎসা নিচ্ছে। শিশুটির বাবা জানান, “বাচ্চার জ্বর এসেছিল। প্রাথমিক চিকিৎসায় জ্বর না কমায় শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যাই। রক্ত পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। হাসপাতালে ভর্তির পর বর্তমানে তার অবস্থা যথেষ্ট ভালো।” অন্যদিকে, কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বর্তমানে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই। তবে পূর্ব প্রস্তুতি হিসেবে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন আবাসিক মেডিক্যাল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. ইকবাল হাসান। গতকাল শনিবার (২৭ জুন) তিনি বলেন, “ডেঙ্গু মশাবাহিত রোগ। জ্বর, তীব্র মাথাব্যথা, চোখের নিচে ব্যথা, শরীরে র‌্যাশ, বমিভাবসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। ২-৩ দিনের মধ্যে শরীরে লাল র‌্যাশ দেখা দিতে পারে। আমাদের হাসপাতালে আইসোলেশন ব্যবস্থা প্রস্তুত রয়েছে।” ডা. ইকবাল হাসান আরও জানান, আবদ্ধ পানিতে এডিস মশা বংশবিস্তার করে। এসির পানি, ফুলের টব, বাসার বিভিন্ন জায়গায় জমে থাকা পানি পরিষ্কার করতে হবে। মশারি ব্যবহারসহ বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উপর জোর দিয়েছেন চিকিৎসকরা। বিশেষ করে শিশু, বয়স্ক ও শারীরিকভাবে দুর্বল ব্যক্তিদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা।