কুষ্টিয়ায় আধুনিক আইন গবেষণা ডাটাবেজ ‘বিডিলেক্স’ চালু

রবিবার, সেপ্টে ১৩, ২০২৬

 

তরিকুল ইসলাম \ কুষ্টিয়ায় প্রথমবারের মতো চালু হয়েছে আধুনিক আইন গবেষণা ডাটাবেজ ‘বিডিলেক্স’। এর মাধ্যমে জেলা পর্যায়ে আইনি গবেষণা ও মামলা পরিচালনায় প্রযুক্তিনির্ভর নতুন যুগের সূচনা হলো। গতকাল শনিবার (১১ জুলাই) কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই ডাটাবেজের উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এনায়েত কবির সরকার। উদ্বোধনকালে সিনিয়র জেলা ও দায়রা জজ এনায়েত কবির সরকার বলেন, “বিডিলেক্স ডাটাবেজ নির্ভুল ও দ্রুত তথ্য সরবরাহের মাধ্যমে আইনজীবীদের কার্যক্রমকে গতিশীল করবে। এটি দেশের বিচার বিভাগের জন্য একটি পজিটিভ দিক উন্মোচিত করবে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কুষ্টিয়া জেলায় প্রথম এই ডাটাবেজ চালু হওয়ায় আমরা গর্বিত।” প্রধান অতিথি বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, “প্রযুক্তিনির্ভর এই ডাটাবেজ আইনজীবীদের দক্ষতা বাড়াবে। বিচারপ্রার্থীদের জন্য এটি যুগান্তকারী ভূমিকা পালন করবে। আইনজীবীরা যদি পূর্বের রেফারেন্স ও নজির সহজে খুঁজে পান, তাহলে ন্যায়বিচার নিশ্চিত করা আরও সহজ হবে।” জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ মুহাম্মদ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদসহ অনেক সিনিয়র আইনজীবী উপস্থিত ছিলেন। সভাপতি বলেন, “বিডিলেক্সের সহায়তায় আইনজীবী, বিচারপ্রার্থী ও সাধারণ মানুষ উপকৃত হবেন। ঘণ্টার পর ঘণ্টা লাইব্রেরিতে বই ঘেঁটে রেফারেন্স খুঁজতে হতো, এখন অ্যাপের মাধ্যমে চোখের পলকে তা পাওয়া যাবে।” সাধারণ সম্পাদক অ্যাড. এস এম শাতিল মাহমুদ বলেন, “বিডিলেক্স আইন জগতের ডিজিটাল প্ল্যাটফর্ম। গুগলের মতো সার্চ করে তাৎক্ষণিক আইন ও নজির বের করা যাবে।” লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক জানান, আইনজীবীদের দীর্ঘদিনের দাবি ও নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী লাইব্রেরিকে ডিজিটাল করার প্রথম ধাপ হিসেবে বিডিলেক্স চালু হয়েছে। বক্তারা আশা প্রকাশ করেন, বিডিলেক্স চালুর ফলে কুষ্টিয়ার বিচার ব্যবস্থা আরও আধুনিক, দ্রুত ও তথ্যসমৃদ্ধ হবে। এটি আইনি গবেষণাকে সহজ করে বিচার প্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্তির পথকে আরও সুগম করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।