নিজ সংবাদ \ কুষ্টিয়া জেলা পরিষদে উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, গোরস্থানসহ ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুকূলে চেক বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল হাই সিদ্দিকীসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মতবিনিময় শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সুবিধাভোগীদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়। এসময় প্রশাসক সোহরাব উদ্দিন বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। জনগণের কল্যাণে গৃহীত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সরকারের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর থেকেই সাধারণ মানুষের জন্য আমার দপ্তরের দরজা উন্মুক্ত রেখেছি। মানুষের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের চেষ্টা করছি। তিনি আরও বলেন, “জেলা পরিষদের বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। যাতে করে প্রতিটি মানুষ সচ্ছতার সাথে সেবা পায়। তিনি উল্লেখ্য করে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনমানুষের দল। দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে গত ২০২৪ সালে জুলাই গনঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন হয়। এদেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির প্রতি তথা তারেক রহমানের প্রতি মানুষের আস্থা ছিলো। সে লক্ষ্যে দেশের জনগণ শতস্ফুর্তভাবে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ করে দিয়েছে। নির্বাচনের আগে তারেক রহমানের নির্দেশে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছিলো বিএনপি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আজ পর্যায়ক্রমে দেশের মানুষ সুবিধা পাচ্ছে, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করে চলেছেন। সেই সাথে দেশের উন্নয়নের পাশাপাশি কুষ্টিয়া জেলা পরিষদের উদ্যোগে এসব প্রকল্পের কাজ অনুমোদন ও গৃহীত হচ্ছে। আগামী দিনে কুষ্টিয়া জেলাকে আধুনিক জেলা হিসেবে গড়তে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন তিনি। অনুষ্ঠানে আব্দুল হাই সিদ্দিকী বলেন, “স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বরাদ্দকৃত অর্থ যথাযথ খাতে ব্যয় হয় এবং সাধারণ মানুষ এর সুফল পায়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদারকি করা হচ্ছে। এর অংশ হিসেবে ১৫টি প্রকল্পের অনুকূলে মোট ১৪ লাখ ৭৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
