নিজ সংবাদ \ কুষ্টিয়া সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অত্যন্ত সাবেক অধ্যাপক মরহুম মোসলেম উদ্দিনের ওপর বর্বরোচিত হামলা ও নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে গতকাল রবিবার (২১ জুন) মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া সরকারি কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে কলেজের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক মন্ডলী, সামাজিক নেতৃবৃন্দ এবং মরহুমের আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। রবিবার সকালে কুষ্টিয়া সরকারি কলেজ গেটের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা বর্বরোচিত এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক শিক্ষার্থী তৌফিক ডলার, অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন অব কুষ্টিয়া গভ. কলেজের সদস্য সচিব ও প্রাক্তন শিক্ষার্থী দেওয়ান আখতারুজ্জামান এবং বর্তমান শিক্ষার্থী মো. নাজমুস সাকিবসহ অন্যান্য সাধারণ শিক্ষার্থীবৃন্দ। বক্তারা বলেন, ১৭ জুন কুষ্টিয়া সদরের জিয়ারখির ডাক্তারপাড়ার বাসিন্দা অধ্যাপক মোসলেম উদ্দিনের ওপর সম্পত্তি আত্মসাৎ ও হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা নৃশংস হামলা চালায়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১৯ জুন সকালে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একজন নিবেদিতপ্রাণ প্রবীণ শিক্ষকের এমন নির্মম মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মানববন্ধন থেকে শিক্ষার্থীরা প্রবীণ এই শিক্ষকের দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ৩ টি সুনির্দিষ্ট দাবি জানান। দাবীসমূহ- অবিলম্বে এই হত্যাকান্ডের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল অপরাধীকে শনাক্ত করে দ্রুত গ্রেফতার করতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে আদালতে নিখুঁত চার্জশিট দাখিল করতে হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের অধীনে এই মামলার বিচার কার্য সম্পন্ন করে আসামিদের সর্বোচ্চ শাস্তি (ফাঁসি) নিশ্চিত করতে হবে। মানববন্ধনে শিক্ষার্থীবৃন্দ ও মরহুমের পরিবার এই বর্বরোচিত হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সদয় হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
