কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র আনোয়ার আলীর বাড়িতে পুলিশের অভিযান

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

নিজ সংবাদ \ কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার আলীর আড়ুয়াপাড়া এলাকার বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে আশ্রয় নিয়েছেন—এমন অভিযোগের ভিত্তিতে গতকাল শুক্রবার (১৯ জুন) রাতে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২, ডিবি, ডিএসবি এবং কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি যৌথ দল রাত সাড়ে ৮টার দিকে আনোয়ার আলীর বাড়ি ঘিরে ফেলে। অভিযানের নেতৃত্ব দেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার শিকদার মোঃ হাসান ইমাম এবং সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার। পুলিশের দাবি, সাবেক মেয়রের ছেলে পারভেজ আনোয়ার তনুর নেতৃত্বে ওই বাড়িটি নিষিদ্ধ সংগঠনের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং সেখানে বহিরাগত নেতাকর্মীরা অবস্থান করছেন—এমন গোপন তথ্যের ভিত্তিতেই তল্লাশি চালানো হয়। তবে প্রায় চার ঘণ্টা ধরে বাড়ির ভেতরে তল্লাশি চালিয়েও কাউকে পাওয়া যায়নি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কবির হোসেন মাতুব্বর বলেন, “সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তল্লাশি করা হয়েছে। কিন্তু কাউকে পাওয়া যায়নি।” অভিযানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হন। নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধসহ শত শত মানুষ পুলিশের উপস্থিতিতে উত্তেজিত হয়ে ওঠেন। স্থানীয়রা আনোয়ার আলীকে একজন “ভালো মানুষ” এবং “অসুস্থ বৃদ্ধ” হিসেবে উল্লেখ করে এ অভিযানকে হয়রানি বলে দাবি করেন। তারা “পরিবারের কাউকে নিতে দেব না” বলে স্লোগান দেন এবং এ ধরনের অভিযান বন্ধের দাবি জানান। আনোয়ার আলীর স্ত্রী আকতার জাহান বলেন, রাত সাড়ে ৮টার দিকে পুলিশের একটি বড় বহর তাদের বাড়িতে প্রবেশ করে। এ সময় বাড়িতে তিনি, তার অসুস্থ স্বামী আনোয়ার আলী এবং কয়েকজন গৃহকর্মী ছিলেন। পুলিশ পুরো দোতলা বাড়ির কক্ষ, রান্নাঘর, বাথরুম, ছাদ ও পানির ট্যাংকি পর্যন্ত তল্লাশি করে। তবে পুলিশ পরিবারের কারও সঙ্গে খারাপ আচরণ করেনি বলেও তিনি জানান। এ সময় অসুস্থ আনোয়ার আলীর কক্ষে পুলিশ প্রবেশ করেনি বলেও তিনি দাবি করেন। অভিযানের পর পুলিশ এলাকা ত্যাগ করলেও রাত পর্যন্ত আড়ুয়াপাড়ায় স্থানীয়দের ভিড় ছিল বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মডেল থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। এ ঘটনায় কুষ্টিয়া শহরে উত্তেজনাকর পরিবেশ বিরাজ করছে।