কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু সচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত

সম্মিলিত উদ্যোগের আহ্বান

শনিবার, জুন ১৩, ২০২৬

 

 

আফসানা ইসলাম পুষ্প \ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক অভিহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৬ জুন) দুপুরে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. জাহিদ রায়হান। সভায় স্থানীয় প্রশাসন, সিভিল সার্জন কার্যালয়, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ রায়হান বলেন, “এরকম ডেঙ্গু আমাদের দেশে আগে ছিল না। রোগী হাসপাতালে এলে চিকিৎসার দায়িত্ব আমাদের, কিন্তু উৎপত্তিস্থল নির্মূল করতে না পারলে প্রতিদিন মৃত্যুর ঘটনা ঘটবে। তখন আর কিছুই করার থাকবে না।” কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আনোয়ারুল কবির জানান, “জনবল সংকটের কারণে সেবা দিতে আমরা হিমশিম খাচ্ছি, তবুও সাধ্যমতো সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।” কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ পৌরসভার দায়িত্বের কথা উল্লেখ করে বলেন, র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে জনগণকে ডেঙ্গু প্রতিরোধে উদ্বুদ্ধ করতে হবে। জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, “ডেঙ্গু প্রতিরোধের প্রথম ও প্রধান পদক্ষেপ পরিষ্কার-পরিচ্ছন্নতা। এজন্য বড় অর্থের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু সচেতনতা ও সদিচ্ছা।” অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “ডেঙ্গু থেকে বাঁচতে সচেতনতার কোনো বিকল্প নেই।” বক্তারা ডেঙ্গু নিয়ন্ত্রণে চিকিৎসার পাশাপাশি সম্মিলিত সামাজিক উদ্যোগ, জলাবদ্ধতা নিরসন ও নিয়মিত পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।