কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবৈধ দোকান উচ্ছেদ

ক্ষোভে ফুঁসছেন ব্যবসায়ীরা

শনিবার, জুন ১৩, ২০২৬

 

 

শফিকুর রহমান \ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। গতকাল শনিবার (৬ জুন) সকালে মডেল থানা পুলিশ ও সড়ক বিভাগের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে হাসপাতালের সামনের বেশ কয়েকটি দোকান সরিয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও অসন্তোষ। দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসা নারী দোকানদার রেশমা বলেন, “১৫ বছর যাবৎ এই দোকান আমার জীবনধারণের একমাত্র অবলম্বন। কোনো নোটিশ ছাড়াই হঠাৎ করে দোকান উচ্ছেদ করে দেওয়ায় এখন আমি কীভাবে সংসার চালাবো?” আরেক দোকানদার সাদ্দাম হোসেন জানান, “আগে থেকে কিছুই জানানো হয়নি। হুট করে মাইকে ১০ মিনিট সময় দিয়ে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। মালপত্র ঠিকমতো সরানোরও সুযোগ পাইনি। এতে বড় আর্থিক ক্ষতি হয়েছে।” দোকানিরা অভিযোগ করেন, কোনো পূর্ব নোটিশ বা লিখিত সতর্কতা ছাড়াই হঠাৎ এই অভিযান চালানো হয়েছে। তবে প্রশাসনের ভাষ্য ভিন্ন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (রাজস্ব) আরিফুল ইসলাম বলেন, “কুষ্টিয়া মেডিকেল কলেজ ও সড়ক ও জনপথের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ভবিষ্যতে আবার দখল হলে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। এর আগেও হালকা অভিযান চালানো হয়েছিল, কিন্তু স্থাপনা সরানো হয়নি বলে আজ এই পদক্ষেপ নিতে হয়েছে।” প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে ও হাসপাতালের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। অভিযানের পর এলাকায় স্বাভাবিকতা ফিরলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছে অনিশ্চয়তা ও হতাশা।