কুষ্টিয়া লেখক ফোরামের ১২৩তম মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত

শনিবার, সেপ্টে ১২, ২০২৬

 

ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন কুষ্টিয়া লেখক ফোরামের উদ্যোগে শনিবার বিকেলে শহরের কাটাইখানা মোড়, সমবায় মার্কেটের দোতলায় ‘বাঙলাদেশ লেখক শিবির’ এর অস্থায়ী কার্যালয়ে লেখক ফোরামের ১২৩তম মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া লেখক ফোরামের সভাপতি কবি ও গল্পকার মুনশী সাঈদ। আসরে অতিথি ছিলেন আরডিআরএস বাংলাদেশ এর উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ আয়ূবউজ্জামান ও বিশিষ্ট লেখক ও সংগঠক হাসান টুটুল। অনুষ্ঠানের শুরুতেই সভাপতি মাসিক সাহিত্য আসরে উপস্থিত হওয়ায় সকল কবি সাহিত্যিকগণকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে স্বাগত বক্তব্য পেশ করেন। অতঃপর সদ্য প্রয়াত বিশিষ্ট কবি হাসান মোমত্মফা স্বপন এবং ১৯৭১ সালে বৃহত্তর কুষ্টিয়া জেলায় স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলনকারী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল জলিল এর স্মরণে একমিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রয়াত কবি হাসান মোমত্মফা স্বপন এর জীবন ও সাহিত্যকর্ম বিষয়ে স্মৃতিচারণ করেন বিশিষ্ট ছড়াকার বিপুল বিশ্বাস। তিনি জানান যে, হাসান মোমত্মফা স্বপন ১৯৫৭ খ্রিষ্টাব্দের ৭ এপ্রিল রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবা-মাজাইল গ্রামে জন্মগ্রহণ করেন। কর্মজীবন শেষে তিনি কুষ্টিয়া শহরে থিতু হন। মা- সালেহা খাতুন। বাবা- মো: মোর্কারম হোসেন। যিনি কুষ্টিয়ার মোহিনীমোহন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ছিলেন। ‘সুবর্ণগাঁয়ে যাবো’- কবির প্রথম কাব্যগ্রন্থ। বটেশ্বর বর্ণন প্রকাশনী ঢাকা থেকে ২০১৭ সালে প্রকাশিত হয়। ৬ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে এই কবি মৃত্যুবরণ করেন।  প্রয়াত ‘বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল জলিলকে নিয়ে স্মৃতিচারণ করেন সভাপতি মুনশী সাঈদ। তিনি জানান যে, তৎকালীন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল ১৯৭১ সালের ৩ মার্চ কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠে স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলন করেন। আসরের দ্বিতীয় পর্বে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান, আলোচনা, আবৃত্তি ও সাহিত্য পাঠে অংশগ্রহণ করেন মোহাম্মদ আয়ূবউজ্জামান, হাসান টুটুল, বিপুল বিশ্বাস, শেখ আব্দুল হাই, ড. পিন্টু আশফাক, সাহাবুদ্দিন আহমেদ, আসলাম আলী, বিপ্লব মৈত্র, আব্দুল্লাহ সাঈদ, আজিজুর রহমান, মিলন বিশ্বাস, জুলেখা আক্তার, নিখিল চন্দ্র পাল ও শোয়াইব আকন্দ সহ আরো অনেকে। অতঃপর আসরে পঠিত কবিতা নিয়ে আলোচনা করেন সভাপতি মুনশী সাঈদ। আসরের সমাপ্তিঅংশে কুষ্টিয়া লেখক ফোরাম প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে ১২৩ টি মাসিক সাহিত্য আসর সফলভাবে সম্পন্ন করায় উপস্থিত সকল কবি সাহিত্যিকগণকে ধন্যবাদ জ্ঞাপন করে সভাপতি আসরের সমাপ্তি ঘোষণা করেন।  আসরটি সঞ্চালনা করেন কুষ্টিয়া লেখক ফোরামের সাধারণ সম্পাদক বিশিষ্ট ছড়াকার ও কবি আব্দুল্লাহ সাঈদ। সংবাদ বিজ্ঞপ্তি