কুষ্টিয়ায় নজরুল জন্মজয়ন্তী উদযাপন

গান, কবিতা ও নৃত্যে মুখর শিল্পকলা একাডেমি

শনিবার, জুন ১৩, ২০২৬

 

নিজ সংবাদ \ কুষ্টিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশনার আয়োজন করা হয়েছে। “সাহিত্যে জয় হোক” শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ। গতকাল শনিবার (৬ জুন) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী, সাহিত্যিক, আবৃত্তিকার ও সংস্কৃতিপ্রেমীরা অংশ নেন। আলোচনা পর্বে বক্তারা বলেন, নজরুল ছিলেন প্রেম, দ্রোহ, সাম্য ও মানবতার কবি। তাঁর সাহিত্যকর্মে অসাম্প্রদায়িকতা, মানবমুক্তি ও সাম্যের যে চেতনা ফুটে উঠেছে, তা বর্তমান সময়েও সমান প্রাসঙ্গিক। কবি ও সাহিত্যিক তুলিকা বিশ্বাস বলেন, নজরুল তাঁর লেখনীর মাধ্যমে মানুষকে পরাধীনতার শৃঙ্খল ভাঙার প্রেরণা দিয়েছেন। সাহিত্যিক সুব্রত চক্রবর্তী বলেন, উপমহাদেশের সংকটময় সময়ে নজরুলের আবির্ভাব ছিল এক উজ্জ্বল আলোর দিশা। কবি কনক চৌধুরী মন্তব্য করেন, নজরুলের কবিতা আজও মানুষকে উৎসাহ ও অনুপ্রেরণা জোগায়। কুষ্টিয়া আবৃত্তি পরিষদের সভাপতি আলম আরা জুঁই বলেন, মাত্র ২৩ বছর সক্রিয় সাহিত্যচর্চার সুযোগ পেয়েও নজরুল বাংলা সাহিত্য ও সংগীতকে অসামান্য সম্পদ উপহার দিয়েছেন। সংস্কৃতিকর্মী তোফাজ্জেল হোসেন বলেন, পৃথিবীতে যতদিন শোষণ-বঞ্চনা থাকবে, ততদিন নজরুলের প্রেরণাও বেঁচে থাকবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংবাদিক মিজানুর রহমান লাকি ও জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখার সভাপতি অশোক সাহা। দ্বিতীয় পর্বে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ নৃত্য পরিবেশনায় মুখর হয়ে ওঠে মিলনায়তন। দর্শক-শ্রোতাদের করতালিতে বারবার প্রাণ ফিরে পায় অনুষ্ঠানস্থল। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মধ্যে নজরুলের মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িকতার চেতনা ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।