নিজ সংবাদ \ কুষ্টিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা গতকাল শনিবার (৬ জুন) সকাল ১০টার দিকে শহরের হাউজিং এস্টেট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলামের সভাপতিত্বে
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল ওয়াদুদ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পুলিশ ও জেলা প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ উক্ত পদক প্রতিযোগিতা-২০২৬ অংশগ্রহনকারী শিক্ষার্থীবৃন্দ। এসময় বক্তারা বলেন, এ প্রতিযোগিতা শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি শিশুদের মেধা, সৃজনশীলতা, নেতৃত্ব, নৈতিকতা এবং দেশপ্রেম বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আমাদের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। তাদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য সরকার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা সেই প্রচেষ্টারই একটি অংশ, যা শিশুদের আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। আজ যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তারা সবাই বিজয়ী। কারণ অংশগ্রহণের মধ্য দিয়েই তারা নিজেদের দক্ষতা ও সামর্থ্যকে প্রকাশ করার সুযোগ পেয়েছে। যারা পুরস্কার পাবে, তারা যেন বিনয়ী থাকে এবং যারা পুরস্কার পাবে না, তারা যেন আরও ভালো প্রস্তুতি নিয়ে আগামী দিনে এগিয়ে আসে সেই প্রত্যাশা করেন বক্তারা।
